প্রকাশিত : রবিবার , ৯ আগস্ট ২০২৬ , সকাল ০৮:৪২।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ , রাত ১১:২৩

বাবাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় ফিরেছেন মেসি


চন্দনা স্পোর্টস ডেস্ক: বাবা হোর্হে মেসির মৃত্যুর সংবাদ পাওয়ার পর শোকাহত লিওনেল মেসি পরিবারের পাশে থাকতে আর্জেন্টিনায় ফিরেছেন। ক্লাব ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে ফোর্ট লডারডেল থেকে দেশের উদ্দেশে রওনা দেন আর্জেন্টাইন এই মহাতারকা। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে নিজের শহর রোসারিওতে পৌঁছানোর কথা রয়েছে তার।

পুরো ক্যারিয়ারে যে মানুষটি মেসির পাশে ছায়ার মতো ছিলেন, তার পথচলায় দিয়েছেন সাহস, সমর্থন ও দিকনির্দেশনা—সেই বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতেই দেশে ফিরেছেন তিনি। বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে শোক ভাগ করে নেওয়া এবং বিশেষ করে মা সেলিয়ার পাশে থাকাই এখন মেসির প্রধান দায়িত্ব।

হোর্হে মেসির শেষ বিদায়ের আয়োজন রাখা হচ্ছে একান্ত পারিবারিক পরিসরে। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরাই উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে প্রচারের আড়ালে থাকলেও ছেলের ফুটবল ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে হোর্হের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামির হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে নামছেন না মেসি। লিগস কাপের গ্রুপ পর্বে আজ রাতে মন্টেরেরির বিপক্ষে ম্যাচে তার একাদশে থাকার কথা থাকলেও শোকের এই সময়ে তাকে স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে। শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মায়ামিতে ফেরার কথা থাকলেও মেসিকে ফেরার জন্য কোনো ধরনের চাপ দিচ্ছে না ক্লাবটি।

হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুরু করেছে ফুটবল বিশ্বের বিভিন্ন ক্লাব, খেলোয়াড় ও সংগঠন। মেসির শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রাল, নিউয়েলস ওল্ড বয়েজ, বার্সেলোনাসহ রিয়াল মাদ্রিদও শোক প্রকাশ করেছে।

মেসির জীবনে তার বাবা হোর্হে ছিলেন শুধু একজন অভিভাবক নন, ছিলেন তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক। ফুটবলের মঞ্চে ছেলের প্রতিটি সাফল্যের পেছনে নীরবে কাজ করে গেছেন তিনি। তাই হোর্হে মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শুধু মেসি পরিবারে নয়, গোটা ফুটবল বিশ্বেও।

বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে মেসির এই ফেরা যেন তার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটির সাক্ষী হয়ে থাকল।