প্রকাশিত : শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ , সকাল ০৮:২৯।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ , ভোর ০৪:২৫

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

পরে চৌরাস্তা মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ নিয়ামত হোসেন পারভেজ,  জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।