প্রিন্ট ভিউ
মোঃ ইমরান মোল্লা : ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ রাজু মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাজু মোল্লা উপজেলার ধুলজুড়ী গ্রামের পিয়ার মোল্লা ও চায়না বেগম দম্পতির ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এতে স্থানীয় যুবসমাজের পাশাপাশি তার পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদক নির্মূলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।