প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দিনের বেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার মালামাল, জরুরি কাগজপত্র ও দলিলপত্র চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার গুনবহা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এইচ কে এম ইমদাদুল হকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকালে খাবার খেয়ে ইমদাদুল হক বাড়ি থেকে বের হয়ে কাজে যান। পরে তিনি রেজিস্ট্রি অফিসে কাজে ব্যস্ত থাকেন। দুপুর ২টার দিকে বাড়িতে ফিরে ঘরে ঢুকে তিনি দেখতে পান আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। পরে ঘরের আড়ার টিন কাটা দেখতে পান। তাঁর ধারণা, চোরেরা টিন কেটে ঘরে প্রবেশ করে ওয়ারড্রবসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে মালামাল নিয়ে যায়। ভুক্তভোগীর দাবি, চোরেরা প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল, জরুরি কাগজপত্র ও গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে গেছে।
ইমদাদুল হক বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ি। কাজ শেষে দুপুরে বাড়ি ফিরে দরজা খুলে দেখি ঘরের ভেতরে সবকিছু তছনছ। ওয়ারড্রব ভেঙে মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে রাতে হুমকি-ধমকি পেয়ে আসছি। এখন দিনের বেলায় বাড়িতে চুরি হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি তদন্ত করে প্রকৃত চোরদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাই।
স্থানীয়রা জানান, দিনের বেলায় বসতবাড়িতে এ ধরনের চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন। এলাকায় নিরাপত্তা জোরদার ও চুরির ঘটনা তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।