প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। প্রথমে বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীন, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, যুবলীগের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাটসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে নানা রকমের প্লেকার্ড ও বিভিন্ন স্লোগানে পৌর শহর মুখরিত হয়ে ওঠে।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। পরে দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।