প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়া, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ১৬ জুলাই ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে এ দিনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন শিক্ষার্থী পুলিশের গুলিতে শহীদ হন। তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতেই জাতীয়ভাবে ১৬ জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
সভায় বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনাকে সঠিকভাবে তুলে ধরার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।