• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ , রাত ১২:১৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তিন মাসের নিষ্পাপ শিশুকে নির্যাতনের অভিযোগ: ভিডিও ভাইরাল, আটক ৩; পলাতক চাচি

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
তিন মাসের নিষ্পাপ শিশুকে নির্যাতনের অভিযোগ: ভিডিও ভাইরাল, আটক ৩; পলাতক চাচি প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: মায়ের কোলের তিন মাসের অবুঝ শিশু। পৃথিবী সম্পর্কে যার কোনো ধারণাই নেই, সেই শিশুকে ঘিরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে তীব্র আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে শিশুটির চাচি লতা বেগম (৩২) তার পা মোচড়ে নির্যাতন করেন—এমন অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত চাচি পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গত ১১ জুন আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে রাগের বশে লতা বেগম ঘুমন্ত শিশুটির পা মোচড়ে দেন। শিশুটির মা গোপনে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করেন। পরে গত ১১ জুলাই ভিডিওটি তার ভাইয়ের কাছে দিলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্তের স্বার্থে অভিযুক্তের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত লতা বেগম আত্মগোপনে রয়েছেন।

তদন্তে পুলিশ জানিয়েছে, ভিডিওতে প্রচারিত তথ্যের সঙ্গে শিশুটির মা-বাবার বর্তমান বক্তব্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। তাদের দাবি, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়েছে এবং শিশুটির পা ভাঙেনি। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে বলেও তারা দাবি করেন।

তবে ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, একটি অবুঝ শিশুর সঙ্গে এমন আচরণের অভিযোগই অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানে শিশুর পা ভেঙে যাওয়ার দাবির সত্যতা পাওয়া যায়নি। তবে নির্যাতনের অভিযোগসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন